বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্র্রতিক ভারত সফরের ফলে দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নে একত্রে কাজ করার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। খবর বাসসের।ভারতের হাইকমিশনার গতকাল রোববার মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে ভারতীয় বিনিয়োগকারীরা এ দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।এক প্রশ্নের জবাবে রজিত মিত্তার বলেন, ‘আজকের বৈঠকে আমরা বাংলাদেশে ভারতের বিনিয়োগ ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।’রজিত মিত্তার বলেন, ভারতের বাজারে বাংলাদেশের উত্পাদিত পণ্য প্রবেশের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, খুব শিগগির তার সমাধান হবে। এর অংশ হিসেবে বিএসটিআইয়ের মানোন্নয়নে ভারত বাংলাদেশকে প্রশিক্ষণসহ সব রকম সহযোগিতা দেবে। ভারতীয় হাইকমিশনার বিনিয়োগ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদল সফর বিনিময়ের মাধ্যমে একক ও যৌথ বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। তিনি বলেন, ভারতের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা অপসারণে দুই দেশের বিশেষজ্ঞরা কাজ করছেন। এ ছাড়া তিনি ভারত সফরে বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তিতে অসুবিধাগুলো দূর করা হবে বলেও উল্লেখ করেন।