ভারতীয় ব্যবসায়ীর ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা শহরের নারায়ণপুর এলাকার সাইনধারা নদীর পাড় থেকে পাসপোর্টটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার স্থলবন্দর সড়কের নারায়ণপুর এলাকায় ছিনতাইকারীরা ওই ভারতীয় ব্যবসায়ীর পাসপোর্ট, নগদ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।আখাউড়া থানা সূত্র জানায়, ভারতের ত্রিপুরার আগরতলার আমদানি-রপ্তানি ব্যবসায়ী মো. ফিরোজ খান মঙ্গলবার বিকেলে আখাউড়ায় আসেন। সন্ধ্যায় একটি অটোরিকশা নিয়ে তিনি আখাউড়া রেলস্টেশনের দিকে যাওয়ার পথে তিন ব্যক্তি হাত দিয়ে থামার সংকেত দিলে চালক অটোরিকশাটি থামিয়ে দেন। এরপর ওই তিন ব্যক্তি ওই ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা, পাসপোর্ট ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।সূত্র জানায়, এ ঘটনায় আখাউড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। পুলিশ মঙ্গলবার রাতেই অটোরিকশার চালক মো. হাবির মিয়া (৩০) ও তাঁর সহযোগী সুমন মিয়াকে (৩১) গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাতে উপজেলার নূরপুর গ্রাম থেকে মো. রানা মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে নিয়ে সাইনধারা নদী পাড়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ওই ব্যবসায়ীর ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার করে পুলিশ।থানার উপরিদর্শক (এসআই) ছাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচজনের পরিচয় পেয়েছে পুলিশ। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।