কূটনৈতিক-সরকারি পাসপোর্টধারী পরিবারের সদস্যদের ই-টোকেন লাগবে না
আগামী বছরের প্রথম দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট তারিখ বা ই-টোকেন ছাড়াই বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, উত্তরা শাখায় জমা দিতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর উত্তরা শাখায় (আইভিএসি উত্তরা, সেক্টর-৭, সড়ক-১৮, বাড়ি-৫৬, উত্তরা, ঢাকা-১২৩০) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় মূল কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট দেখাতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে। ভারতে ভ্রমণে যেতে ইচ্ছুক পরিবারের সদস্যদের উপকারে এই শুভেচ্ছা প্রদর্শন করা হচ্ছে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা যায়।
এর আগে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের প্রথম দিন থেকেই ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্রের সঙ্গে বিমান, ট্রেন বা বাসের টিকিট যুক্ত করতে হবে।
আরও পড়ুন:
ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসা