সামরিক শিক্ষা বিষয়ে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি (এমওইউ) অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সমঝোতা স্মরকটি ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্ত্রিসভা বৈঠকের পর বিবৃতিতে বলা হয়, এই সমঝোতার ফলে সামরিক কৌশলগত এবং পরিচালন শিক্ষা বিষয়ে দুই দেশের সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে। দুই দেশের মধ্যে ভৌগোলিক এবং সাংস্কৃতিক নৈকট্য রয়েছে। দেশ দুটির সামনে চ্যালেঞ্জগুলোও প্রায় একই রকম, সন্ত্রাসবাদ এর অন্যতম। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যৌথ পদক্ষেপ প্রয়োজন। ফলে সামরিক বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় এবং সহযোগিতার প্রয়োজন। যৌথ প্রশিক্ষণ ও অনুশীলন অভিন্ন হুমকি এবং চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সামরিক বাহিনীর সক্ষমতা একই পর্যায়ে নিয়ে আসবে।
এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তথ্য এবং প্রযুক্তিগত বিষয়ে আদান-প্রদান হবে। ফলে এটি জবাবদিহি বাড়াবে।