ভারতীয় মেডিকেল ভিসা বৃদ্ধির দাবি খুলনাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় মেডিকেল ভিসা বৃদ্ধি ও ভিসা প্রাপ্তিতে ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন খুলনার ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভারতীয় ভিসা কর্তৃপক্ষের কাছে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, খুলনা বিভাগের জনগণের জন্য খুলনার কেডিএ অ্যাভিনিউতে ভারতীয় ভিসা অফিস চালু করা হয়েছে। প্রতিদিন এ অফিসে হাজারো মানুষ ভিসার জন্য আসেন। বর্তমানে এ অফিস থেকে প্রতিদিন ৩০টি মেডিকেল ভিসার আবেদন গ্রহণ করা হয়। অথচ প্রতিদিন শত শত মানুষ ভারতে চিকিৎসার জন্য ভিসার আবেদন নিয়ে ঘোরেন। এ অবস্থায় মানুষের বৃহত্তর স্বার্থে মেডিকেল ভিসার সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।
সাইফুল ইসলাম আরও বলেন, ভিসা অফিসের সামনে কোনো ছাউনি না থাকায় দূর-দূরান্ত থেকে আসা লোকজন খোলা রাস্তায় প্রখর রোদ, বৃষ্টি আর শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। এতে অসুস্থ লোকজনের পাশাপাশি সবাইকে চরম ভোগান্তি পোহাতে হয়। কেউ কেউ মাঝেমধ্যে অসুস্থও হয়ে পড়েন। তা ছাড়া ভিসা পেতে দীর্ঘসূত্রতার কারণে অনেক অসুস্থ ব্যক্তি সঠিক সময়ে চিকিৎসা করাতে পারছেন না। ভারতীয় দূতাবাসের উচিত জনগণের এসব ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি দুর্দশা লাঘবে খুলনা অফিস থেকে পাসপোর্টে ভিসা লাগানোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।