ভারতীয় রুপি জব্দের মামলা সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে প্রায় পৌনে ৩ কোটি ভারতীয় রুপি জব্দের ঘটনায় করা মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরের বন্দর থানা-পুলিশ থেকে সিআইডির বিশেষায়িত ইউনিট সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ দল শাখায় হস্তান্তর করা হয়। 

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য সিআইডির পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে মামলাটির নথি সিআইডিকে বুঝিয়ে দেওয়ার জন্য গতকাল বুধবার নগর পুলিশের কাছে একটি চিঠি পাঠানো হয়।
মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ শাখার পরিদর্শক লিটন দেওয়ান আজ সন্ধ্যায় জানান, বন্দর থানা-পুলিশ থেকে মামলার নথি বুঝিয়ে নেওয়া হচ্ছে।
গত ২১ সেপ্টেম্বর বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ছয়জনকে আসামি করে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহির হোসেন জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের নিয়ে যাননি। তিনি বলেন, যেহেতু আদালত রিমান্ড মঞ্জুর করেছেন, তাই বর্তমান তদন্তকারী সংস্থা সিআইডি তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারবেন।