ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ৩
রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ভারতীয় শাড়ি, দুটি মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মামুন (২৮), মো. কুদ্দুস (৩৩) ও রমজান আলী (২৯)।মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার কাজলা ভাঙ্গাপ্রেস এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১৫ লাখ টাকা মূল্যের ৮১০টি ভারতীয় শাড়ি, দুটি মাইক্রোবাসসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সদস্য বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া মামুন ও কুদ্দুস জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা সীমান্ত এলাকা থেকে কোনো রশিদ ও বৈধ কাগজপত্র ছাড়াই এ ধরনের শাড়ি সংগ্রহ করেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তাঁরা রঙিন গ্লাসের নতুন মাইক্রোবাসে করে শাড়িগুলো ঢাকায় পাচার করেন।