ভারতীয় শিক্ষার্থী খুনে আরেক সহপাঠী রিমান্ডে
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুনের মামলায় তাঁর আরেক সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামির নাম মাইসনাম উইনসন সিং।
আজ সোমবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. শাহাদাত হোসেন ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গতকাল রোববার নিহত ছাত্রের সহপাঠী গুরঙ্গ নিরাজকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি উইনসনকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের এক পরিদর্শক ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, রোববার থেকে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। ওই দিন রাতে হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর উইনসনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গ্রেপ্তার উইনসন ও নিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে আনা হবে। দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ, ঘটনার আগে-পরে তাঁরা দুজনই ছিলেন।
১৪ জুলাই রাতে নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ছুরিকাঘাতে খুন হন আতিফ। ওই কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর সহপাঠী মাইসনাম উইনসন সিংকে উদ্ধার করা হয়। তাঁরা দুজনই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
তিন কক্ষের ওই ফ্ল্যাটে ইউএসটিসির চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। ১৪ জুলাই রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চলে যাওয়ার পর খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আতিফ খুন হওয়ার চার দিন পর গত মঙ্গলবার রাতে তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন উইনসন সিং, গুরঙ্গ নিরাজ, জোসনা তম্বুরাম, প্রভাকর লাইশারাম, মালেনবাগ মাইনবাম, অথোপাম রোনাল্ড, প্রমেশ চাকমা ও সজল চাকমা। তাঁরা সবাই ইউএসটিসির এমবিবিএসের শিক্ষার্থী। আসামিদের মধ্যে ছয়জন ভারতীয়। শেষের দুজন বাংলাদেশি। গত বুধবার নিরাজকে গ্রেপ্তার করা হয়।