ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের বিভিন্ন শিল্পে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজিত ৩০তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার বা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজমান। দেশি ও বিদেশি শিল্পপতিদের জন্য বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে। তাই তিনি বিশেষ করে উত্তর পূর্ব ভারতের শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, ‘টেকসই অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আমাদের ওষুধ শিল্প এগিয়ে যাচ্ছে। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের শতাধিক দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। আমাদের তৈরি জাহাজ ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। জুতা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৮ম স্থান দখল করেছে। আমাদের তৈরি বাইসাইকেল যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ডেনমার্ক, বেলজিয়ামসহ বিশ্বের ৩০টি দেশে রপ্তানি হচ্ছে। তাই আমাদের দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য উভয় দেশকেই এগিয়ে আসতে হবে। শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।’
১১ দিনব্যাপী আয়োজিত এই শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মিসেস স্টেলা বদ্রিগানিয়া এবং কলকাতা পৌর করপোরেশনের মেয়র-ইন-কাউন্সিল দেবাশীষ কুমার। এবারের এই শিল্প মেলার পার্টনার কান্ট্রি বুরুন্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা বিএনসিসিআই’র সভাপতি বাণী রায়চৌধুরী। প্রদীপ জ্বালিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমির হোসেন আমু।
বুরুন্ডির রাষ্ট্রদূত কলকাতাবাসীকে বুরুন্ডি সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি সে দেশের শিল্পে বিনিয়োগের জন্য ভারতীয় শিল্পপতিদের প্রতি আহ্বান জানান। এই মেলার আয়োজক কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলা চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
এবারের মেলায় যোগ দিয়েছে দেশ বিদেশের ৬০০ শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এসেছে বাংলাদেশ, মিশর, তিব্বত, তুরস্কসহ আরও কয়েকটি দেশ। বাংলাদেশ থেকে ৪০টি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় এসেছে।