ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইএস সম্পর্কে ভারতীয় সংবাদপত্রে তাঁকে উদ্ধৃত করে প্রকাশিত খবর অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আইএসের অবস্থান সম্পর্কে আমি কখনো এ ধরনের কথা বলিনি এবং পত্রিকায় প্রকাশিত দুই খুনি সম্পর্কে আমি কখনো কিছু বলিনি।’ খবর বাসসের।
গত বুধবার ভারতের দ্য হিন্দু পত্রিকার একটি খবরে বলা হয়, জাপানের নাগরিক কুনিও হোশির ঘাতক আইএসের দুই সন্দেহভাজন জঙ্গি ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাদের অবস্থান সম্পর্কে ভারতের কর্তৃপক্ষকেÿসতর্ক করা হয়েছে।
এ খবর অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বাসসকে বলেন, ভারতের পত্রিকাটির সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি আইএস নিয়ে কিছু বলেননি।
মন্ত্রী বলেন, তিনি শুধু সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দিল্লির কাছে হস্তান্তর করা ২০৪ জন পলাতক বাংলাদেশি অপরাধীর তালিকা নিয়ে কথা বলেন, যারা বাংলাদেশে অপরাধ করে ভারতে গিয়ে পালিয়ে রয়েছে।