ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।

২০১৪ সালের ২ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দাউদ মার্চেন্টকে আটক করে পুলিশ। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান প্রথম আলোকে আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২০০৯ সালের ২৬ ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন দাউদ মার্চেন্ট। জামিনে বের হওয়ার পর তাঁকে আটক করা হয়। আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট দুবাইভিত্তিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী। দাউদ মার্চেন্ট ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার গুলশান কুমার হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি। ১৯৯৭ সালের ১২ আগস্ট মুম্বাইয়ে গুলি করে গুলশানকে হত্যা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, জাল পাসপোর্ট তৈরি ও অনুপ্রবেশের অভিযোগে ডিবির একটি দল ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাউদকে গ্রেপ্তার করে। বাংলাদেশে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক বিস্তারের জন্য ছোটা শাকিলের নির্দেশে পালিয়ে এ দেশে এসেছিলেন দাউদ মার্চেন্ট। ছোটা শাকিল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগীদের একজন।

২০১৪ সালে ৩ ডিসেম্বর আদালতে দেওয়া ডিবি পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় দাউদ মার্চেন্টকে আটক করা হয়। তাঁর সঙ্গে কোনো পাসপোর্ট বা ভিসা ছিল না। পুলিশের ধারণা, বাংলাদেশে কোনো অপরাধ সংঘটন করতে বা ভারতে বড় কোনো অপরাধ করে তিনি পালিয়ে এসেছেন।