ভারতীয় সন্দেহে দেড় হাজার মুরগির বাচ্চা নিধন
ভারতীয় সন্দেহে আটক করা এক হাজার ৫০০টি ব্রয়লার মুরগির বাচ্চা মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার বিডিআর হিলি সীমান্ত এলাকা থেকে এসব বাচ্চা আটক করে। পরে টাস্কফোর্সের মাধ্যমে সেগুলো মেরে মাটিতে পুঁতে ফেলা হয়।বিডিআর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে হিলি সিপি ক্যাম্পের বিডিআরের নিয়মিত একটি টহল দল হিলি সীমান্তবর্তী বাজার এলাকা থেকে ভারতীয় সন্দেহে ৩০টি কার্টনে থাকা এক হাজার ৫০০টি ব্রয়লার মুরগির বাচ্চা আটক করে। পরে সেগুলো স্থানীয় কাস্টম কার্যালয়ে জমা দেওয়া হয়। মুরগির বাচ্চাগুলোর মূল্য ধরা হয় ৮৪ হাজার টাকা। আটক ভারতীয় মুরগির বাচ্চাগুলো রোগমুক্ত বা সংক্রামক পরীক্ষার জন্য স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা না থাকায় উপজেলা টাস্কফোর্স বাচ্চাগুলো মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পরে ওই দিন সন্ধ্যায় কাস্টমস কার্যালয়ের পরিত্যক্ত চত্বরে গর্ত করে সেগুলো মেরে পুঁতে ফেলা হয়।