ভারতীয় সাইকেল আরোহীদের রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রক্তস্নাত এই বাংলায় রক্তের অভাবে আর একটি জীবনও যেন নিভে না যায়’ স্লোগানে চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সাইকেল আরোহীদের (সাইক্লিস্ট) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গের ১৫ জন সাইকেল আরোহী স্বেচ্ছায় রক্তদান করেন।
ভারতের অল ইন্ডিয়া ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের ‘সম্প্রীতি যাত্রা-২০১৪’ শীর্ষক সাইকেল শোভাযাত্রার অংশ হিসেবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে বাংলাদেশের ১০ জন সাইকেল আরোহী কলকাতায় স্বেচ্ছায় রক্তদান করেন।
কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভারতীয় সাইকেল আরোহীদের রক্তদান কর্মসূচির প্রশংসা করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, ‘আমাদের দেশে রক্ত নিয়ে ব্যবসা হয়। রক্তের প্রয়োজন হলে অসহায় হয়ে পড়ে মানুষ। এ ধরনের উদ্যোগ বাড়লে রক্তের সংকট কমে আসবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অল ইন্ডিয়া ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব মিহির দাশ।