ভারতীয় সিডি-ডিভিডি না কেনায় আতিককে খুন করেন শফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান খুনের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি শফিকুর রহমান ওরফে শফিক (৩২) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুদ্দিন মাসুম তাঁর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে শফিক নিজেকে ভারতীয় পাইরেসি সিডি ও ডিভিডির ব্যবসায়ী উল্লেখ করে বলেন, ‘ভারত থেকে সিডি ও ডিভিডি আমাকে দিয়ে আনিয়ে সেগুলো না কেনায় দুই বন্ধুকে নিয়ে তাঁকে (আতিক) আমি রাগের মাথায় খুন করেছি।’গত ২৯ নভেম্বর আতিকুর রহমান নিজ হোটেলের ৩২২ নম্বর কক্ষে খুন হন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শফিক। গত রোববার মধ্যরাতে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি বিশেষ দল তাঁকে আটক করে। গত সোমবার র্যাব-৯-এর দপ্তরে শফিক সংবাদ সম্মেলনে খুনের দায় স্বীকার করেন। রাতে র্যাব সদস্যরা শফিককে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। পুলিশ তাঁকে আতিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠায়।আদালতে সন্ধ্যা ছয়টা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত জ্যেষ্ঠ হাকিম আদালতে শফিকের জবানবন্দি রেকর্ড হয়।জবানবন্দিতে শফিক জানান, তিনি মূলত ভারতীয় পাইরেসি সিডির ব্যবসা করেন। তিনি সিলেট হয়ে অবৈধভাবে ভারতে আসা-যাওয়া করতেন। সিলেটে যাতায়াতকালে তিনি হোটেল অনুরাগে রাতযাপন করতেন। এই সূত্রে হোটেলের এমডি আতিকুর রহমানের সঙ্গে প্রায় বছর খানেকের পরিচয়। শফিক বলেন, ‘শুরুতে আমি তাঁকে স্যার বলে ডাকতাম। আমার সঙ্গে সিডি ও ডিভিডির ব্যবসা করতে আগ্রহী হয়ে ওঠায় সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে গিয়ে গড়ায়। যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে একসঙ্গে সিডি ও ডিভিডির ব্যবসা করার কথা পাকাপাকি হওয়ায় গত অক্টোবর মাসে আমি ভারত থেকে ৫২ পিস পাইরেসি ডিভিডি ও সিডি (মূল কপি) নিয়ে আসি। এগুলোর প্রতিটি ভারতীয় মূল্যে এক হাজার রুপি। কিন্তু এসব কিনতে রাজি হননি আতিক। এরপর আমি ঢাকায় নিয়ে কিছু বিক্রি করি এবং ২৭ পিস নিয়ে ২৮ নভেম্বর সিলেটে এসে অনুরাগে উঠি। ৩২২ নম্বর কক্ষটি ভাড়া নিয়ে আমি আতিককে আমার সঙ্গে দেখা করতে বলি। কিন্তু তিনি আমার সঙ্গে দেখা করেননি। পর দিন ২৯ নভেম্বর ঢাকা থেকে সুমন ও খোকন নামে আমার দুই বন্ধুকে খবর দিয়ে সিলেট আনি। বেলা দুইটায় আমরা তিনজন ৩২২ নম্বর কক্ষে বসে আতিককে ওই কক্ষে নিয়ে আসি। ভারত থেকে আনিয়ে সিডি ও ডিভিডি কেন কিনছে না, এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক আমাকে কুত্তার বাচ্চা বলে গালি দিলে আমি ক্ষুব্ধ হয়ে পড়ি।’কীভাবে খুন করা হলো, বর্ণনা দিতে গিয়ে জবানবন্দিতে শফিক বলেন, ‘আতিককে হোটেলের কক্ষে ডেকে আনার আগেই দোকান থেকে দড়ি কিনে এনেছিলাম। আমার ইচ্ছা ছিল, হোটেলে তাঁকে বেঁধে রেখে চলে যাব। আমরা তিন বন্ধু মিলে তাঁকে দড়ি দিয়ে বেঁধে মুখে কাপড় গুঁজে দিই। তাঁর মানিব্যাগ থেকে ১২ হাজার টাকা ও হাতের দামি মুঠোফোন নিয়ে আমরা তিনজন বিচ্ছিন্ন হয়ে ঢাকা রওনা করি। ভৈরব গিয়ে আমি চিন্তায় পড়ি, এভাবে যে বেঁধে রেখে এলাম, আতিক যদি মারা যায়। ভৈরব থেকে আমি তাঁর মুঠোফোন দিয়ে কল করে আতিক কেমন আছে জানতে চাই। ওপাশ থেকে আমাকে জানানো হয়, মারা গেছে।’জবানবন্দিতে শফিক আরও বলেন, ‘আতিক মারা গেছে শুনে আমি ভৈরবে গাড়ি থেকে নেমে যাই। পরে দিনাজপুর হয়ে ভারত চলে যাই। সেখানে প্রায় দুই মাস কাটিয়ে দেশে ফিরলে ধানমন্ডি থেকে র্যাব সদস্যরা আমাকে আটক করেন।’সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিমকে এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আবদুল আলিম জানান, জবানবন্দি দেওয়ার সময় শফিক অনেকটা স্বাভাবিক ছিলেন। সন্ধ্যার পর থেকে তিনি থেমে থেমে পুরো জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে আটটায় তাঁর জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।