ভারতীয় সেনাপ্রধান ঢাকা ছেড়েছেন
ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ দুদিনের সফর শেষে গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। এ সফরে তিনি চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের পরপর দেশটির সেনাপ্রধান সুহাগের এই সফর এল।
সফরকালে জেনারেল দলবীর সিং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। দলবীর সিং ক্যাডেটদের কৃতিত্বের জন্য তাদের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করেন।
দুই সেনাবাহিনীর সহযোগিতা: দলবীর সিং সুহাগের ঢাকা সফরের প্রেক্ষাপটে সোমবার ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এক খবরে বলা হয়, সন্ত্রাসবাদ রুখতে ঘনিষ্ঠ সহযোগিতা পেতে ভারতের সশস্ত্র বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর ‘সক্ষমতা গড়ে তোলা’র জন্য কাজ করছে। এর আওতায় প্রশিক্ষণ ও যৌথ মহড়া থেকে শুরু করে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তিও সরবরাহ করা হচ্ছে। খবরে বলা হয়, ২০০৯ সাল থেকেই সরাসরি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংলাপ চলছে। ভবিষ্যতে দুই বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ করাই এর লক্ষ্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল, ফ্রান্স, মালয়েশিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গেই ভারতের এ ধরনের সংলাপ রয়েছে। পত্রিকাটির পর্যবেক্ষণ, এতেই সংলাপের গুরুত্ব বোঝা যায়। তবে টাইমস অব ইন্ডিয়ার খবরে কোনো সূত্রের উল্লেখ করা হয়নি।