ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ আজ ঢাকায় আসছেন
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ আজ বুধবার দুপুরে ঢাকায় আসছেন। তিনি রজিত মিত্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন। পঙ্কজ শরণ হবেন ঢাকায় ভারতের চতুর্দশ হাইকমিশনার।ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুরে জেট এয়ারের একটি বিমানে পঙ্কজ শরণ ঢাকায় আসবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি একটি আগমনী বার্তা পাঠ করবেন। পঙ্কজ শরণ বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এ পদে থাকার সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পছন্দে তাঁকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেশাদার কূটনীতিক পঙ্কজ শরণ ২০০৭ সালে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেন। তিনি এর আগে ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রথম ও দ্বিতীয় সচিব হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, মিসর ও সুইজারল্যান্ডে ভারতীয় দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন পঙ্কজ শরণ।