ভারতীয় ১০ জেলেসহ ১৯ জন জেলে ফিরে এসেছেন। বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ক্যাম্পে তাঁরা ফিরে আসেন। ভারতীয়দের বন বিভাগের হেফাজতে তাঁদের রাখা হয়েছে। ফিরে আসা ভারতীয় জেলেরা হলেন: নারায়ণ দাস, নয়ন সিংহ, হরিধন দাস, রতন দাস, শচীন্দ্রনাথ দাস, সুদর্শন দাস, বিভূতি দাস, সূর্য দাস, রাজু দাস ও শ্রীকৃষ্ণ মাইতি। এঁদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে বলেন, জলদস্যুর কোন বাহিনী কবে কোথা থেকে এসব জেলেদের অপহরণ করে এবং কত টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দিয়েছে, মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় তা জানা যায়নি। জেলেদের জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার এম সাঈদুর রহমান বলেন, ভারতীয় জেলেদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে।