ভারতীয় ১৮ নারী-শিশুকে ফেরত দিয়েছে বিজিবি

আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে আটক ১৮ ভারতীয় নারী ও শিশুকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে বুধবার বিকেলে তাঁদের ফেরত দেওয়া হয়। এঁদের মধ্যে চারজন নারী ও বাকিরা তাঁদের শিশুসন্তান।
চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামসংলগ্ন সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের ওই পতাকা বৈঠক হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারোয়ার বলেন, ৩ এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুলিপাড়া গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন (২২) মারা যান। ৪ এপ্রিল ভারতীয় স্বজনেরা বাংলাদেশে তাঁর বাড়িতে আসেন। পরে খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে।
সাজ্জাদ সারোয়ার বলেন, তাঁদের আসার কারণ ও সঙ্গে শিশু থাকায় বিষয়টির মানবিক দিক বিবেচনা করা হয়েছে। এ নিয়ে গত ২৪ ও ২৫ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আরেক দফা বৈঠক হয়েছিল। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে বুধবারের এই বৈঠক হয়। পরে তাঁদের ফেরত পাঠানো হয়।