ভারতীয়দের পিটুনিতে দুই বাংলাদেশি নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দুই ব্যক্তি গতকাল শুক্রবার সীমান্তের ওপারে ভারতীয় গ্রামবাসীর পিটুনিতে প্রাণ হারিয়েছেন।
শরীফপুর ইউনিয়নবাসী সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সনজবপুরের বেড়িরপার গ্রামের মাজিদ আলী (২৫) ও নজর আলী (২৫) মনু নদী পার হয়ে ভারতের সমরুরপার এলাকায় প্রবেশ করেন। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে চোর সন্দেহে ভারতীয়রা তাঁদের ধরে পিটুনি দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে সমরুরপার এলাকার লোকজন তাঁদের কৈলাশহর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে মাজিদ আলী ও নজর আলী মারা যান।
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ভারতের উত্তর ত্রিপুরার সাংবাদিক মোহিত পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা পিটুনিতে দুই বাংলাদেশির মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তাঁরা জানান, এর আগেও ওই দুই ব্যক্তি কয়েকবার ওই এলাকায় গিয়েছিলেন।
১৪ বিজিবি ব্যাটালিয়নের মেজর সাহেদ মেহের জানান, ইউপি চেয়ারম্যানের কাছ থেকে তিনি এ ধরনের একটি খবর শুনেছেন। তবে ঘটনা নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিশ্চিত হওয়া গেলে লাশ ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।