মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় লোকজনের পিটুনিতে গত শুক্রবার দুই বাংলাদেশি মারা যান। প্রাথমিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাটি জানেন না বলে জানিয়েছিলেন।
তবে গতকাল শনিবার ওই ব্যক্তিদের সন্ধান চেয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিজিবি। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা লাশ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
শরীফপুর ইউনিয়নবাসীর কাছ থেকে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সনজবপুরের বেড়িরপার গ্রামের মাজিদ আলী (২৫) ও নজর আলী (২৫) শুক্রবার মনু নদ পার হয়ে ভারতের সমরুরপার এলাকায় ঢোকেন। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে চোর সন্দেহে ভারতীয়রা তাঁদের ধরে পিটুনি দেন। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে সমরুরপার এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে কৈলাশহর হাসপাতালের উদ্দেশ্যে রওনায়হয়।পথে মাজিদ আলী ও নজর আলী মারা যান।
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ভারতের উত্তর ত্রিপুরার সাংবাদিক মোহিত পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা পিটুনিতে দুই বাংলাদেশির মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
গতকাল শনিবার ভারতের ত্রিপুরারাজ্যের দুটি পত্রিকা দৈনিক সংবাদ ও উত্তর ত্রিপুরা-য় ‘গণধোলাইয়ে দুই বাংলাদেশি চোর নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চাতলাপুর চেকপোস্ট এলাকায় গতকাল বেলা ১১টায় বিজিবি ও বিএসএফের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে নিখোঁজ দুই বাংলাদেশির বিষয়টি ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক সদস্য জানান, বৈঠকে নিখোঁজ মাজিদ আলী ও নজর আলীর সন্ধান দিতে সহযোগিতা চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। ঘটনাটি তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।