ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণ বাড়ছে, ভিসার জন্য ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ভিসা কাউন্টারের সামনে ভারতীয় ভিসা প্রার্থীদের ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার ভিসা কাউন্টারের সামনে ভারতীয় ভিসা প্রার্থীদের ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের আগ্রহ বাড়ছে। এবার শীতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ভিসা কাউন্টারে ভিড় অনেক বেড়েছে। এ সময়টায় কলকাতায় স্কুল-কলেজ ছুটি। তার ওপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় অনেকেই পর্যটনের জায়গা হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছেন। অনেকেরই পূর্বপুরুষদের ভিটা বাংলাদেশে হওয়ায় ভ্রমণের ঝোঁকটা বেশি।

গত সপ্তাহ থেকে বাংলাদেশ ভ্রমণের জন্য ভারতীয় ভিসা প্রার্থীদের লাইন পড়েছে বাংলাদেশ উপহাইকমিশনের ভিসা কাউন্টারে। ভিড়ের চাপে বহু ভিসা প্রার্থীকে ভোর হওয়ার আগেই ভিসা অফিসের সামনে এসে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে। বিপরীতে মুদ্রা-সংকটের কারণে একই সময়ে ভারতে বাংলাদেশের ভ্রমণার্থীর সংখ্যা কমে গেছে।

কলকাতার পার্ক সার্কাস এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশ উপহাইকমিশনের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, সকাল সোয়া নয়টা থেকে ভিসার আবেদন গ্রহণ করা হলেও আগের দিন রাত থেকে লাইন দিয়ে রাখছেন ভিসা প্রার্থীরা। অনেকে বিছানাপত্র, কম্বল-বালিশ নিয়ে উপহাইকমিশনের ভিসা কাউন্টারের ছাউনির তলায় এই তীব্র শীতে ভিসার লাইনেই রাত কাটাচ্ছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্যের ভিসা প্রার্থীরাও ভিসা নেওয়ার জন্য কলকাতায় ছুটে এসে লাইনে দাঁড়াচ্ছেন।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে কর্মরত ওই কর্মকর্তা জানান, ভিসা প্রার্থীদের এই দীর্ঘ লাইনে তাঁরা হিমশিম খাচ্ছেন। এই লাইন উপহাইকমিশনের চত্বর ছাড়িয়ে রাজপথ পর্যন্ত চলে যাচ্ছে। ওই কর্মকর্তা জানান, গত মঙ্গলবার এই দূতাবাস থেকে ৮১২ জনকে ভিসা দেওয়া হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার দেওয়া হয় ৭৭৬ ও ৭৯৯টি ভিসা। মূলত দুর্গাপূজাকে ঘিরে সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় দূতাবাসে ভিসা প্রার্থীদের ভিড় জমে। ওই সময় প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ভারতীয়কে ভিসা দেওয়া হয়।

ভিসার জন্য লাইনে দাঁড়ানো ওডিশার ঝাড়সুখুদা থেকে আসা সামিউল হাসানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার আত্মীয় রয়েছে বাংলাদেশে। প্রচণ্ড ভিড়ের কারণে আমি ও স্ত্রী ঢাকায় যেতে গত দুদিনে লাইন দিয়েও পাসপোর্ট জমা দিতে পারিনি।’

কলকাতার ভিসা কাউন্টারের সামনে ভারতীয় ভিসা প্রার্থীদের ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার ভিসা কাউন্টারের সামনে ভারতীয় ভিসা প্রার্থীদের ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: ভাস্কর মুখার্জি

স্বদেশ রঞ্জন রায় ত্রিপুরার আগরতলা থেকে কলকাতায় এসে ভিসার জন্য অনেক কষ্টে জমা দিয়েছেন পাসপোর্ট। তিনি বলেন, আগরতলার ভিসা অফিসে ভিসা পেতে গেলে আবেদনকারীদের ডলার এনডোর্সমেন্ট দেখাতে হয়। কলকাতায় সেটা লাগে না।

কথা হলো নদীয়া জেলার করিমপুরের ইন্তাজ আলী কারিগরের সঙ্গে। বললেন, ‘রাত জেগে লাইনে দাঁড়িয়ে জমা দিয়েছি পাসপোর্ট। বাংলাদেশ দেখার জন্য সেখানে যাচ্ছি।’

মালদহ থেকে এসেছেন মনোজ ভদ্র। তিনি বলেন, ‘আরও কিছু কাউন্টার বাড়ালে আমাদের দুর্ভোগ কমত। মাত্র তিনটি কাউন্টারে আবেদনপত্র গ্রহণ করা হয়।’ কলকাতার কালিকাপুরের চন্দনা বিশ্বাস বলেন, ‘আমাদের দুর্ভোগ নিরসনে অনলাইনে ভিসার আবেদন করার ব্যবস্থা নেওয়া উচিত।’

বৃহস্পতিবার বিকেলে কলকাতার শ্যামলী যাত্রী পরিবহন সংস্থার স্বত্বাধিকারী অবনি ঘোষ প্রথম আলোকে বলেন, এখন তাঁদের ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বাসে যাত্রী ক্রমাগত বাড়ছে। মুদ্রা-সংকটের আগে এই যাত্রীদের বেশির ভাগই ছিল বাংলাদেশি। এখন কমে গেছে বাংলাদেশি যাত্রী সংখ্যা। পাশাপাশি বেড়েছে ভারতীয় পর্যটকদের সংখ্যা। তিনি বলেন, বেশির ভাগ যাত্রীই বাংলাদেশে ভ্রমণ করার জন্য যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় পর্যটকের সংখ্যা কলকাতা-ঢাকার মৈত্রী ট্রেনেও বেড়েছে।