ভারতীয়দের হামলায় ট্রলারডুবি, ১৪ জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের ১ নম্বর বয়াসংলগ্ন গাংরাইন এলাকায় বাংলাদেশের জলসীমায় শুক্রবার গভীর রাতে ভারতীয় জেলেদের হামলায় দস্যুদের ব্যবহূত একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে জিম্মি থাকা ১৪ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন বলে মহাজন সূত্র দাবি করেছে। অন্য একটি সূত্রের দাবি, ভারতীয় জেলেরা বাংলাদেশের পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছেন।শরণখোলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, বঙ্গোপসাগরের ১ নম্বর বয়াসংলগ্ন গাংরাইন এলাকায় গত বৃহস্পতি ও শুক্রবার সকালে জলদস্যু জিহাদ বাহিনী ও আল আমিন বাহিনী গণডাকাতি চালায়। এ সময় জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৯০ জেলেকে অপহরণ করা হয় ও এফ বি মহিপুর ৬৫ নামে একটি ট্রলার দস্যুবাহিনী নিয়ে যায়। পরে অপহূত জেলেদের নিয়ে শুক্রবার গভীর রাতে জিহাদ বাহিনী বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরতে আসা ভারতীয় জেলেদের ওপর হামলা চালায়। এ সময় ভারতীয় জেলেরা সংঘবদ্ধ হয়ে জিহাদ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালায়। এতে জিহাদ বাহিনীর ব্যবহূত অপহূত জেলেবোঝাই ট্রলারটি ডুবে যায়।বরগুনা জেলা ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এ ঘটনায় তাঁদের ১৪ জেলে নিখোঁজ হয়েছেন। তাঁদের নয়জনের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন গ্রামে, চারজনের বাড়ি বরিশালের তুষখালী এলাকায় ও একজনের বাড়ি বাগেরহাটের রায়েন্দা এলাকায়। এক ভারতীয় জেলের মুঠোফোনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ভারতীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে ভারতের কাকদ্বীপ থানায় হস্তান্তর করেছে। এঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বরিশালের তুষখালী এলাকার জেলে মোস্তফা, একই এলাকার নুর ইসলাম ও রায়েন্দার জাকির খান। এ বিষয়ে মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার হাসানুজ্জামান বলেন, এ রকম ঘটনার কথা জেলে মহাজন সূত্রে তাঁরা জানতে পেরেছেন। কিন্তু গভীর সমুদ্রে অভিযান চালানোর ক্ষেত্রে তাঁদের সীমাবদ্ধতা রয়েছে। দ্রুতগামী ও আধুনিক সুবিধাসংবলিত জলযানের অভাব রয়েছে। তার পরও অপহূত জেলেদের উদ্ধারে চেষ্টা চলছে।