ভারতে আট দিনের রিমান্ডে নূর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে (বাঁয়ে) গত শনিবার কলকাতায় গ্রেপ্তারের পর গতকাল চব্বিশ পরগনা জেলার বারাসাত আদালতে নেওয়া হয় l ছবি: ভাস্কর মুখার্জি
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে (বাঁয়ে) গত শনিবার কলকাতায় গ্রেপ্তারের পর গতকাল চব্বিশ পরগনা জেলার বারাসাত আদালতে নেওয়া হয় l ছবি: ভাস্কর মুখার্জি

নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তারের পর আট দিনের রিমান্ডে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার পুলিশ৷ গত শনিবার গভীর রাতে কলকাতার দমদম বিমানবন্দর-সংলগ্ন বাগুইআটি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷
গতকাল রোববার তাঁদের বারাসাত আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
এদিকে নূর হোসেনকে গ্রেপ্তারের পর তাঁর বিচােরর দাবিতে গতকাল নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জনতা৷ সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলারই প্রধান আসামি নূর হোসেন হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যান৷ সরকারদলীয় একজন সাংসদ তাঁকে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ আছে৷
ঢাকায় পুলিশ সূত্র জানায়, নূর হোসেন ভারতে আত্মগোপন করে আছেন, এ খবর নিশ্চিত হওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে েযাগাযোগ করা হয়৷ এরই ভিত্তিতে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ) ও বাগুইআটি থানার পুলিশ গ্রেপ্তার অভিযান চালায়৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, রোববার সকালে তিনি টেলিফোনে কলকাতার অ্যান্টি-টেররিজম স্কোয়াডের এসিপি অনিমেষ সরকারের সঙ্গে কথা বলে নূর হোসেনের গ্রেপ্তার সম্পর্কে নিশ্চিত হন৷ তিনি তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান৷
পুলিশের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে৷ দুই দেশ সম্মত হলে যেকোনো সময় যেকোনো আসামিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব৷
কলকাতার পুলিশ সূত্র জানায়, সাত খুনের পর নূর হোসেন পালিয়ে কলকাতায় এসে কৈখালি ইন্দ্রপ্রস্থ আবাসনের পাঁচতলা বাসায় ওঠেন ৮ জুন৷ দুই মাসের জন্য ফ্ল্যাটটি তিনি ভাড়া করেন দুই সঙ্গী ওহিদুর জামান শামীম ও সৌমেন খান সুমনকে নিয়ে৷ ওহিদুরের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার বুড়িপাড়া ও সুমনের বাড়ি ফতুল্লা থানার রামবরাস গ্রামে৷
আবাসিক এলাকার বাসিন্দারা জানান, ইন্দ্রপ্রস্থ আবাসনের পাঁচতলার তিন বেডের ফ্ল্যাটটি ২০ হাজার রুপিতে ভাড়া নিয়েছিলেন নূর হোসেন৷ তিনি নিজেকে বাপী সাহা নামে পরিচয় দেন৷ ভাড়া নেওয়ার সময় জানিয়েছিলেন, মাত্র দুই মাস থাকবেন৷ কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য।
কাল সকালে আবাসন সমিতির সহসভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ভেংকটরামন প্রথম আলোকে বলেন, শনিবার দুপুর ১২টার দিকে সাতজন পুলিশ সদস্য সাদাপোশাকে আসেন। তাঁরা দুপুর থেকেই সেখানে তল্লাশি চালান। প্রথমে গ্রেপ্তার করা হয় শামীমকে৷ পরে তাঁর মাধ্যমে রাত নয়টার দিকে নূর হোসেন ও আরেকজনকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পরই তাঁদের বাগুইআটি থানায় নেওয়া হয়৷ তাঁদের বিরুদ্ধে বেআইনি প্রবেশের দায়ে মামলা করেন থানার এসআই দেবাশীষ ঘোষ।
মামলার এজাহারে বলা হয়, বসিরহাট সীমান্ত দিয়ে তাঁরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন। তাঁদের কাছ থেকে পুলিশ পাঁচটি মোবাইল ফোন এবং ১১টি সিম উদ্ধার করে৷ এর মধ্যে একটি সিম বাংলাদেশের গ্রামীণফোনের। নূর হোসেনের কাছ থেকে তিনটি মোবাইলসহ দুই হাজার ভারতীয় ও দুই হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। ওহিদুরের কাছ থেকে মোবাইলসহ ৫০০ ভারতীয় রুপি আর সুমনের কাছ থেকে মোবাইলসহ দুই হাজার ৯০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়৷ ভারতে অবস্থানের কোনো কাগজপত্র বা পাসপোর্ট তাঁদের কাছে ছিল না।
থানা-পুলিশ জানায়, তিনজনকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়৷ দুপুর ১২টার দিকে তাঁদের বারাসাত আদালতে আনা হলে অবকাশকালীন বিচারক দ্বিতীয় বিচারবিভাগীয় বিচারক এডুইন লেপচা শুনানি করেন৷ ২৩ জুন পরবর্তী শুনানি হবে৷ তবে গতকাল নূর হোসেনের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি৷
আদালতের হাজতে প্রবেশ করানোর সময় নূর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা৷ আমি ন্যায়বিচার চাই।’ সুমন বলেন, ১০ তারিখ আমি ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে এখানে এসেছি পাসপোর্ট নিয়ে।’ এরপর তাঁদের সঙ্গে আর কথা বলতে দেননি পুলিশ৷
গত ২৭ এপ্রিল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷ এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে৷
ঘটনার পর নজরুলের পরিবার নূর হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও তখন সাংসদ শামীম ওসমানের সঙ্গে

নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে ছিলেন নূর হোসেন৷ ২৮ এপ্রিল নূর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম। তখনো পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তার করেনি। ৩০ এপ্রিল লাশ উদ্ধারের পর নূর হোসেনকে আর এলাকায় দেখা যায়নি৷
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২৯ এপ্রিল রাতে শামীম ওসমানের সঙ্গে ফোনালাপের পর নূর হোসেন দেশ ছাড়েন৷ শুরু থেকে র্যাব বলেছে, নূর হোসেন ভারতে পালিয়ে গেছেন৷
পরিবহন চাঁদাবাজি, নদী দখল, মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে জড়িত ছিলেন না নূর হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যাসহ ২৪টি মামলা আছে৷ ইন্টারপোলের মাধ্যমেও তাঁর বিরুদ্ধে একবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। নূর হোসেন শামীম ওসমানের হাত ধরেই বিএনপি থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেন৷
নারায়ণগঞ্জের পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ১৯৮৫ সালে ট্রাকের হেলপার হিসেবে জীবন শুরু করেন নূর হোসেন। পরে নিজেই চালক হন। ১৯৮৮ সালে শিমরাইলে ট্রাকশ্রমিক ইউনিয়নের কার্যক্রম শুরু হলে তিনি তাতে যোগ দেন৷ এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে শ্রমিক ইউনিয়নের দখল নেন৷ ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে যোগ দেন বিএনপিতে। ২০০১ সালের নির্বাচনের পর শামীম ওসমান দেশ ছাড়লে তিনিও এলাকা ছাড়েন৷ ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পলাতক অবস্থায় তিনি ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১২ মার্চ তাঁকে ধরিয়ে দিতে ইন্টারপোলে রেড নোটিশও পাঠানো হয়। ২০০৮ সালের ডিসেম্বরে নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে নূর হোসেন এলাকায় ফেরেন৷ ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন৷ এরপর তিনি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতিও হন।
নারায়ণগঞ্জে বিক্ষোভ: নূর হোসেনের গ্রেপ্তারের খবরে নিহত নজরুল ইসলামসহ পাঁচজনের পরিবারের সদস্যরা গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের মৌচাক এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন৷ মিছিলে অংশ নেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম, শ্বশুর শহীদুল ইসলাম, নজরুলের ভাই আবদুস সালাম ও নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই রিপন, নিহত লিটনের ভাই মিন্টু, তাজুল ইসলামের ভাই রাজুসহ পাঁচ পরিবারের সদস্যরা৷
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান বলেন, ‘নূর হোসেন সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন বলে আমরা শুনেছি। কিন্তু আমাদের সরকার তো নূর হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি।’