ভারতে আটক জেলেদের ফিরিয়ে আনার দাবি
সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুই মাস আগে নিখোঁজ হওয়া ১৪ জন জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলীপুর কারাগারে আটক আছেন। আটক জেলেদের বেশির ভাগেরই বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় ওই সব জেলের পরিবারের লোকজন এখন মানবেতর দিন কাটাচ্ছে। তাঁরা জেলেদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।ট্রলারের মালিক চট্টগ্রামের নুর হোসেন সওদাগর জানান, গত ১০ অক্টোবর এফবি আজগর হোসেন নামের একটি ট্রলার নিয়ে ওই ১৪ জন জেলে চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সুন্দরবনের অদূরে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতের সীমান্তবর্তী টাইগার হিল এলাকার উপকূলে ঢুকে পড়ে। ওই সময় ভারতের বন বিভাগের লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি বলেন, আটক হওয়া জেলেরা ভারতীয় এক নাগরিকের মাধ্যমে তাঁকে বিষয়টি জানান। আটক জেলেরা হচ্ছেন—রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের বশির আহমদ, জাহাঙ্গীর আলম, নুরনবী, মনির হোসেন মৃধা, দক্ষিণ সেবাগ্রামের ফারুক মাঝি, ইউসুফ হোসেন, মো. কুদ্দুছ, চর ফলকন এলাকার ইব্রাহিম খলিল, নোয়াখালী সদর উপজেলার আবদুল খালেক মাঝি, ফকরুল ইসলাম, জাকির হোসেন, মো. ছালাউদ্দিন এবং ভোলার চরফ্যাশন উপজেলার নুর নবী ও রফিক মাঝি।কারাগারে আটক জেলে বশির আহমদের বাবা নুরুল হক, নুরনবীর বাবা সৃজন আলী, ফারুক মাঝির ভাই বেলায়েত হোসেন মাঝি জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় অভাব-অনটনের মধ্যে তাঁদের দিন কাটাতে হচ্ছে। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।মুক্তিপণের দাবিতে জেলেকে অপহরণসাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে গত রোববার রাতে সুন্দরবন থেকে শহীদ আলী মোড়ল (৪২) নামের এক জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। সুন্দরবনের চুনকুড়ি নদীর খাসিটানা এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। আগামী পাঁচ দিনের মধ্যে দাবিকৃত টাকা সুন্দরবনের দোনেরমুখ এলাকায় পৌঁছে না দিলে অপহূত শহীদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের বাসিন্দা।সুন্দরবন থেকে ফিরে আসা জেলে হরিনগর গ্রামের লিটন গাজী ও কওছার গাজী এসব তথ্য জানিয়ে বলেন, শহীদ আলী মোড়ল ও তাঁরা দুজন রোববার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাত-আটজন সশস্ত্র বনদস্যু মান্নান বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে শহীদকে অপহরণ করে।সুন্দরবনের কদমতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জয়নাল আবেদীন জানান, এ ব্যাপারে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।