ভারতে আটক তিন কিশোর দেশে ফিরল
বিভিন্ন সময় পাচারের শিকার বাংলাদেশের তিন কিশোর ভারতে আটক থাকার পর গতকাল রোববার দেশে ফিরল। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ওই তিন কিশোরকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতের অভিবাসন পুলিশ।
ফেরত আসা কিশোরেরা হলো নারায়ণগঞ্জের কদমতলী থানার শ্যামপুর বাজারের শাহজালাল খানের ছেলে মনির খান (১৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পূর্ববাগ গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকরাম উদ্দিন (১৬) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজান গ্রামের মৃত আশরাফ মণ্ডলের ছেলে নিফুন মণ্ডল (১৬)।
গতকাল বেলা সাড়ে ১১টায় সীমান্তের শূন্য রেখা দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের ওসি রফিকুজ্জামানের হাতে ওই কিশোরদের তুলে দেন।
জানা গেছে, মনির খান প্রথমে দিল্লিতে সাত বছর এবং পরে বালুরঘাট শোভায়ন হোমে এক বছর আটক ছিল। আকরাম উদ্দিন এবং নিফুন মণ্ডল দেড় বছর ধরে ভারতের বালুরঘাট শোভায়ন হোমে (কিশোর সংশোধনাগার) আটক ছিল।
বালুরঘাট শোভায়ন হোমের সহকারী সমন্বয়কারী সুরুজ দাশ জানান, ওই তিন কিশোর পাচারকারীদের মাধ্যমে ভারতে আসে। এরপর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে।
ওসি রফিকুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।