ভারতে আটক থাকার পর ফিরল ছয় শিশু-কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর দীর্ঘদিন শিশু সংশোধনাগারে থাকা ছয় শিশু-কিশোরকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত বুধবার বেলা ১১টার দিকে ভারতের হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে ওই ছয় শিশুকে হস্তান্তর করেন।

ফেরত আসা শিশু-কিশোরেরা হলো দিনাজপুরের বিরল থানার মৌচুনা গ্রামের কেকারু রায়ের ছেলে সাগর চন্দ্র রায় (১৩) ঘোড়াঘাট থানার কুন্দারাম গ্রামের আলম হোসেনের ছেলে আবদুর রহমান (১৪), কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নাগদহ গ্রামের মজনু মিয়ার ছেলে নাজমুল হক (১৬), ধনীরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (১৭), ফরিদপুরের সদর থানার রঘুনাথপুর গ্রামের পান্না শেখের ছেলে মুন্না শেখ (১১) এবং নগরকান্দা থানার জগদিয়া গ্রামের খসরু শেখের ছেলে সোহান শেখ (১২)।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ভারতের বালুর ঘাটের চাইল্ড লাইনের সমন্বয়কারী সুরোজ দাস।

ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, ফেরত আসা শিশু-কিশোরেরা অবৈধভাবে ভারতে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে আটক শিশু-কিশোরদের ঠাঁই হয় বালুর ঘাট শুভায়ন হোমে। সেখানে শিশু-কিশোরেরা ৮ মাস থেকে ১৬ মাস পর্যন্ত ছিল।

চাইল্ড লাইনের সমন্বয়কারী সুরোজ দাস সাংবাদিকদের জানান, শুভায়ন হোমে বাংলাদেশের আরও ৩০ শিশু-কিশোর রয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।