ভারতে আটক ১৫ জেলেকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর কারাগারে আটক ১৫ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন স্বজনেরা। ২১ অক্টোবর ভারতীয় উপকূলরক্ষীরা ভারতীয় জলসীমা থেকে ট্রলারসহ ওই জেলেদের আটক করে কারাগারে পাঠায়।
ওই ১৫ জেলে ১৫ অক্টোবর এফ বি রহিমা নামের একটি মাছ ধরা ট্রলার নিয়ে ইলিশ ধরার জন্য বঙ্গোপসাগরে যান। ওই ট্রলারের মালিক এবং সেখানকার অধিকাংশ জেলের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ও পূর্ব খোন্তাকাটা গ্রামে। ট্রলারের মালিক হাতেম আলী মোল্লা বলেন, তাঁর ছেলে আবদুস সালাম মোল্লাসহ ১৫ জেলে ট্রলারে ছিলেন। তাঁরা ভারত থেকে মুঠোফোনে কারাবাসের খবর জানালে ২৬ অক্টোবর তিনি শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত মঙ্গলবার পুলিশের পরামর্শে প্রশাসনিক সহযোগিতার আশায় তিনি বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী ও বাগেরহাটের মংলার দ্বিগরাজ নৌঘাঁটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন। তিনি তাঁর ছেলেসহ অন্য জেলেদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।