ভারতে আটকে পড়া বাংলাদেশিদের নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। ফলে ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসা ও পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছেন হাজার দুয়েক বাংলাদেশি। টাকা ফুরিয়ে আসা, খাবারের অনিশ্চয়তার পাশাপাশি বাড়ি ফিরতে ব্যাকুল ওই লোকজন বাংলাদেশ হাইকমিশন থেকে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

ভারত থেকে দেশে ফিরতে মরিয়া লোকজনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এর মধ্যে ভারতের কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্য সরকার বাংলাদেশসহ বিদেশিদের জন্য লজের ভাড়া অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করছে। চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করছে। এ সিদ্ধান্তগুলো কার্যকরের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে হাইকমিশনের নিয়মিত যোগাযোগ রয়েছে। এ ছাড়া ২০ এপ্রিল থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে চেন্নাই তথা তামিলনাড়ু থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে পাঠানো শুরু হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনের ফেরার ব্যবস্থা করা হবে।

গত এক সপ্তাহে তামিলনাড়ু, কর্ণাটক ও পাঞ্জাবে অবস্থানরত বাংলাদেশের নাগরিকেরা ফোনে, ভিডিও বার্তায় ও মেইলে প্রথম আলোর কাছে দেশে ফেরার ব্যাকুলতার কথা জানান। তাঁদের অভিযোগ, বারবার আকুতি জানানোর পরও সরকার তাঁদের দেশে ফিরিয়ে আনতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না।

তামিলনাড়ু রাজ্যের ভেলোরের সিএমসিতে ভাগনের চিকিৎসার জন্য গত মাসের ১৭ তারিখে ভারতে যান বরগুনার পাথরঘাটার আবুল কালাম। তিনি প্রথম আলোর কাছে পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, ‘লকডাউনের পর থেকে লজে প্রায় আটকে বসে আছি। হাতের টাকাপয়সাও প্রায় শেষ হওয়ার পথে। লজের মালিক টাকার জন্য তাগাদা দিচ্ছেন। খাবারের নিশ্চয়তা নেই দোকানপাট বন্ধ থাকায়। যেভাবেই হোক, আমাদের দেশে ফেরার ব্যবস্থা করুন।’

গত বুধবার লজের ভাড়ার টাকা কমানো আর খাবারের সুরাহার দাবি নিয়ে শ খানেক বাংলাদেশি ভেলোরের স্থানীয় কালেক্টরেটের দপ্তরের কাছে জড়ো হন। এ সময় তাঁদের সেখানে যেতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। ওই জমায়েতে থাকা কয়েকজন বাংলাদেশি ভিডিও বার্তায় জানান, তাঁরা সেখানে গেছেন দেড় থেকে দুই মাস আগে। হাতের টাকাও ফুরিয়ে গেছে। নিজের কিংবা স্বজনের চিকিৎসা শেষ হলেও ফিরতে পারছেন না। স্থানীয় প্রশাসন তাঁদের লজভাড়া অর্ধেকে নামিয়ে আনা এবং খাবারের ব্যবস্থা করলেও তা ঠিকমতো পাচ্ছেন না। এ বিষয়গুলো জানাতে সেখানে তাঁরা জড়ো হয়েছেন। কিন্তু কালেক্টরেটের দপ্তরে যেতে পারছেন না। আবার লজ থেকে বের হতে গেলে পুলিশ তাড়া করে। এ পরিস্থিতিতে তাঁদের দ্রুত দেশে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

তারেক হোসেন মার্চ মাসে তাঁর মাকে নিয়ে তামিলনাড়ুর চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে (ক্রিশ্চান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভেলোর) চিকিৎসার জন্য যান। তিনি গত বৃহস্পতিবার এই প্রতিবেদককে বলেন, চিকিৎসা শেষে দেশে ফিরতে বিমানের টিকিট করলে তা ভারতের চলমান লকডাউনের জন্য বাতিল হয়ে যায়। এরপর থেকে কার্যত ভেলোরের লজে তিনি বন্দী হয়ে আছেন মাকে নিয়ে। এখানে স্থানীয় সরকার বিদেশিদের জন্য খাবারের বরাদ্দ দিলেও তা ঠিকমতো পৌঁছাচ্ছে না। তাঁদের জীবন ধারণের জন্য যেটুকু খাদ্য প্রয়োজন, তা নেই। হাতে টাকাও নেই। খাবার নেই। দোকান সব বন্ধ। সপ্তাহে তিন দিন খোলে—সকাল পাঁচ-সাতটা, তা-ও শুধু সবজি আর চাল-ডাল এই সব। এখন তাঁদের কাছে টাকা নেই। ভিসার মেয়াদও প্রায় শেষ। তাঁরা না খেয়ে মারা যাবেন। তাঁর লজে অনেকেই তিন দিন ধরে শুধু বিস্কুট আর পানি খেয়ে জীবন ধারণ করছেন। তাঁর লজেই শুধু ২৬৪ জন বাংলাদেশি আটকা পড়ে আছেন। ভেলোর শহরেই কয়েক হাজার বাংলাদেশি আটকা পড়ে আছেন। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে প্রতিদিন লজে হট্টগোল সৃষ্টি করেন, যা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

এদিকে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন শ বাংলাদেশি শিক্ষার্থী লকডাউনের কারণে পাঞ্জাবে আটকে পড়েছেন। সেখানকার এক শিক্ষার্থী পার্থ সাহা গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা বাংলাদেশ হাইকমিশন আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এমনকি বাংলাদেশ মিশন দুই সপ্তাহ ধরে ফোন ধরছে না।’

পার্থ সাহা জানান, তাঁরা ২৫ জন শিক্ষার্থী এ মুহূর্তে হোস্টেলে আছেন। সেখানকার এক শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ১০ এপ্রিল থেকে তাঁরা রুম আইসোলেশনে আছেন।

একই বিশ্ববিদ্যালয়ের অন্য এক শিক্ষার্থী তাসনিম ইবনাত হাবিব মৃত্তিকা প্রথম আলোকে গতকাল বিকেলে বলেন, ‘আমাদের এখানে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন, যাঁদের বাড়ি ফেরার বিষয়ে ব্যাকুলতা বেশি। সে রকম অনেক শিক্ষার্থী এরই মধ্যে মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই সঙ্গে তাঁদের পরিবারের লোকজনও অনেক ভেঙে পড়েছেন। আমাদের মধ্যে অলরেডি অনেকের টাকাপয়সার জোগান শেষের পথে, আর ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা টাকাপয়সাও আনতে পারতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে বাংলাদেশ সরকার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলে তারা আমাদের দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে।’