ভারতে আরও দুই বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সম্প্রতি আরও দুজন বাংলাদেশিকে গেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে পুলিশ। খবর পিটিআই, জি-নিউজ ও ইন্ডিয়া টুডের।
সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ গতকাল জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিদের নাম যথাক্রমে রাকাতুল্লাহ ও আবদুল আজিজ। রাকাতুল্লাহর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। গত ১৯ ডিসেম্বর উত্তর প্রদেশের নয়দা শহর থেকে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও গোয়েন্দা ব্যুরো (আইবি) যৌথ অভিযান চালিয়ে রাকাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছে থাকা ল্যাপটপ থেকে ‘জিহাদ’-সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়।
পুলিশ রাকাতুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, তিনি শাহারানপুরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে আবদুল আজিজ নামে আরও একজন বাংলাদেশি অবস্থান করছিলেন। আজিজও একই জঙ্গি দলের সদস্য। পরে পুলিশ আজিজকেও গ্রেপ্তার করে এবং তাঁর কাছে থেকে বেশ কিছু নথিপত্র, ম্যাপ ও তাঁর নামে করা একটি ভারতীয় ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে তাঁদের উভয়কে পশ্চিমবঙ্গ পুলিশের জিম্মায় কলকাতায় নেওয়া হয়।
গত ২ অক্টোবর বর্ধমান জেলা শহরের অদূরে খাগড়াগড়ে বিস্ফোরণে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য নিহত হন। বিষয়টি তদন্ত করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।