ভারতে উদ্ধার হওয়া নারী ও শিশুদের প্রত্যর্পণ নিয়ে কলকাতায় বৈঠক
ভারতে উদ্ধার হওয়া কয়েক শ বাংলাদেশি নারী ও শিশুকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে গতকাল সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় মহাকরণে বিশেষ বৈঠক হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উদ্যোগে এ সভা হয়। বৈঠকে মুম্বাই, বেঙ্গালুরু, পুনে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া প্রায় ৯০০ নারী ও শিশুকে বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিআইডি পুলিশের ডিজি মি. থাম্বি, ডিআইজি (সিআইডি) শংকর চক্রবর্তী, শিশুকল্যাণ দপ্তরের সচিব রশমী সেন, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পল্লব কান্তি ঘোষ প্রমুখ। আরও উপস্থিত ছিল কলকাতার পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারা বাংলাদেশের উদ্ধার করা নারী ও শিশুদের প্রত্যর্পণের কাজে যুক্ত। এই পাঁচটি সংস্থা হলো: সংলাপ, জবালা, প্রাজক, ক্রাই এবং অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন।