ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি ছাত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাখন্ড রাজ্যের রুদ্রপুর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কলেজছাত্রী গত রোববার বাংলাদেশে ফিরেছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
ওই কলেজছাত্রীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। ছাত্রীর খোঁজে ভারতে গিয়েছিলেন তাঁর মামা রিয়াজ উদ্দিন। বাংলাদেশে পৌঁছে রিয়াজ প্রথম আলোকে জানান, বাগেরহাটের পুলিশ তাঁর ভাগনির জবানবন্দি নিয়েছে।
একটি ফোনকলের সূত্র ধরে রিয়াজ কলকাতায় পৌঁছে বাংলাদেশ উপহাইকমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশনে তাঁর ভাগনি কলেজছাত্রীকে উদ্ধারের আবেদন জানান। এতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে তাঁর আত্মীয় আল আমিন পাত্র দেখানোর নাম করে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাট সদরে নিয়ে যায়। মেয়ে ফিরে না আসায় ৮ মার্চ ছাত্রীর বাবা কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিছুদিন পর ভারতের একটি ফোন নম্বর থেকে ছাত্রীর বাড়িতে ফোন করে জানানো হয়, ওই ছাত্রী ভালো আছেন। এরপর ছাত্রীর খোঁজে ভারতে যান মামা রিয়াজ।
পরে আল আমিনসহ সাতজনের বিরুদ্ধে কচুয়া থানায় অপহরণের মামলা করেন ছাত্রীর বাবা।
ওই ছাত্রীর অপহরণ নিয়ে প্রথম আলোতে ১৬ মে এবং ১০ এপ্রিল দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।