ভারতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব বাংলাদেশের
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে যৌথ উদ্যোগে ভারতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ স্থাপনের জন্য ভারতের কাছ থেকে কয়লার সরবরাহ চেয়েছে বাংলাদেশ। আর সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হতে পারে। খবর পিটিআইয়ের।
রামপালে বাংলাদেশ-ভারত এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরই প্রস্তাবিত তাপবিদ্যুৎকেন্দ্রটির কাজ শুরু হতে পারে। রামপালের প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড। এটি ভারতের জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে।
তৌফিক-ই-ইলাহি চৌধুরী পিটিআইকে বলেন, ভারতের পক্ষ থেকে কয়লা সরবরাহ করা হলে রামপালের মতো দুই দেশের যৌথ উদ্যোগে ভারতের মধ্যেও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে। তিনি আরও বলেন, চলতি সপ্তাহে ভারতের কয়লা ও বিদ্যুৎবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকে তিনি তাপভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবটি রেখেছেন।