ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৫ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ওই দেশের শিশু শোধনাগারে ওদের প্রত্যেককে অন্তত এক থেকে তিন বছর করে কারাভোগ করতে হয়েছে। সাজার মেয়াদ শেষে গতকাল রোববার দিনাজপুরের হিলি সীমান্তপথে নিজ দেশে ফেরত এসেছে এই ১৫ বাংলাদেশি শিশু। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ারের উদ্যোগে তাদের দেশে ফেরত আনা হয়।
এসব বাংলাদেশি শিশু ভারতের বালুরঘাট শোভায়ন হোমে (শিশু অবজারভেশন সেন্টার) কারাভোগ করে। মেয়াদ শেষ হলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে তাদের ফেরত দেয় ভারতের হিলি অভিবাসন পুলিশ। গতকাল দুপুর ১২টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ভারতের হিলি অভিবাসন কেন্দ্রের (ওসি) নাসির হোসেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামানের কাছে ফেরত দেন।
ফেরত আসা শিশুদের মধ্যে রয়েছে কুষ্টিয়ার চারজন, কুড়িগ্রামের দুজন, গাইবান্ধার একজন, সুনামগঞ্জের একজন, যশোরের একজন, রাজধানী ঢাকার তিনজন, চুয়াডাঙ্গার একজন, ঠাকুরগাঁওয়ের একজন ও বগুড়ার একজন। এদের প্রত্যেকের বয়স ৯ থেকে ১৫ বছর।
ভারতের দক্ষিণ দিনাজপুরের চাইল্ড লাইনের সমন্বয়কারী সুরুজ দাশ বলেন, এসব শিশুর কেউ কাজের সন্ধানে, কেউ বেড়াতে আবার কেউবা তাদের আত্মীয়ের বাড়িতে যেতে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তারা ভারতের হিলি, বালুরঘাট, পতিরামের বিভিন্ন স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। আদালত বয়স কম হওয়ায় এসব শিশুকে বালুরঘাট শোভায়ন হোমে রাখার নির্দেশ দেন। সেখানে তারা এক থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন তাদের ট্রাভেল পারমিট দেয়। এর মাধ্যমেই গতকাল তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি দিনাজপুরের আঞ্চলিক সমন্বয়কারী সানাউল সায়েম বলেন, দীর্ঘদিন ভারতের শিশু শোভায়ন হোমে আটক থাকা ওই ১৫ শিশুকে দেশে ফেরত আনতে সমিতি দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেষ পর্যন্ত তাদের ফেরত আনতে সমর্থ হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, ‘ভারতের হিলি অভিবাসন পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ১৫ জন শিশুকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুগুলোকে সরকারি বিধি মোতাবেক তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দিয়েছি। ওই শিশুরা ভারতের বালুরঘাট শোভায়ন হোমে এক থেকে তিন বছর মেয়াদে আটক ছিল।’