ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের কারণে সে দেশে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে গতকাল রোববার তাঁদের ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৪১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম ওই ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা একটার দিকে ভারতীয় অভিবাসন পুলিশ জকিগঞ্জ সীমান্তচৌকির অভিবাসন পুলিশের মাধ্যমে ১৭ জনকে হস্তান্তর করে। বিকেলে তাঁদের নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে ১৭ ব্যক্তি আটক হয়েছিলেন। দেশটিতে বিভিন্ন মেয়াদে তাঁরা কারাভোগ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা পাঠানোর পর নাগরিকত্ব যাচাই করা হয়। প্রত্যাবাসন আদেশের পর বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগের মাধ্যমে হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জকিগঞ্জ অভিবাসন পুলিশের তালিকা অনুযায়ী ফেরত আসা ১৭ বাংলাদেশির মধ্যে সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের বানিয়াচংয়ের দুজন নারী রয়েছেন। বাকি ১৫ জন হলেন সিলেটের জকিগঞ্জের বড়পাথর গ্রামের সামছ উদ্দিন (৩৪); মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইনাইনগর গ্রামের রফিক উদ্দিন (৫০), বুধাইহাল গ্রামের আবদুল করিম (৩৭), জুবারতল গ্রামের আবদুল জব্বার (৩৫), ডেমাই গ্রামের আবদুর রহিম (৩৮), বাচাকেছরীগুল গ্রামের রিয়াজ উদ্দিন (৪৪); হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনাড় গ্রামের রাহুল দাস (৩০), জাতিকামাপাড়ার তাপুর মিয়া (৪০); নোয়াখালীর বেগমগঞ্জের আকতারামপুর গ্রামের করিম উসমান (৬০); ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামের ইসহাক আলী (৩৫), বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনিছুর রহমান (৪০); চাঁদপুরের মতলব উপজেলার সারদাইকাউ গ্রামের বাবুল মোল্লা (৪০); নরসিংদীর রায়পুর উপজেলার পলাশতুলি গ্রামের চান মিয়া (৩৫); ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামের মো. শাহজাহান (৩৮) এবং গোপালগঞ্জের গোয়াইদারী গ্রামের সোহাগ হোসেন কাজী (৩০)।