ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন পাঁচ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কারাভোগ শেষে গতকাল বুধবার দুপুরে দেশে ফিরেছেন পাঁচজন বাংলাদেশি৷ ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
বুড়িমারী অভিবাসন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ফিরে আসা বাংলাদেশিরা হলেন ঠাকুগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জয়কুর গ্রামের সুজন রায় (২৫) ও রানাশিয়া গ্রামের আজিবর রহমান (২৪), রাণীশংকৈল উপজেলার মালদাপাড়া গ্রামের রমজান আলী (২৫), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা গ্রামের জয়নাল আবেদিন (২৬) ও প্রেমচেরানজতি গ্রামের দেলোয়ার হোসেন (২০)। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাঁরা মুক্তি পান৷ এঁরা বিভিন্ন সময়ে ভারতে আত্মীয়স্বজনের বাড়ি ও কাজের সন্ধানে যান৷
বুড়িমারী স্থলবন্দর অভিভাসী পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে৷ পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা দুই থেকে তিন বছর পর্যন্ত সাজা ভোগ করেন৷