ভারতে কারাভোগের পর ফিরলেন ছয় বাংলাদেশি
ভারতে কারাবাসের পর গত সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
ছয় বাংলাদেশি হলেন পঞ্চগড়ের আটোয়ারীর শুকুর আলী (৩০), ঠাকুরগাঁওয়ের হরিপুরের দুরুল ইসলাম (২৫) ও মোহাম্মদ ইমানী (২২), বালিয়াডাঙ্গীর প্রেমানন্দ বর্মণ (৪৫), মানিক হোসেন (২৫) এবং হাছেন আলী (২৮)। বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, তাঁরা ভারতে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে বা কাজের সন্ধানে গিয়েছিলেন।
দুরুল ইসলাম বলেন, কাজের সন্ধানে চার বছর আগে তিনি গ্রামের সীমান্ত দিয়ে ভারতে যান। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে। পরে তাঁকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিবাসন পুলিশের এসআই আমিনুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় বিএসএফ তাঁদের আটক করে। ফেরত আসা বাংলাদেশিরা দুই থেকে চার বছর সাজা ভোগ করেছেন।