ভারতে কারাভোগ শেষে ৪৮ নারী ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কারাভোগের পর ৪৮ বাংলাদেশি নারী দেশে ফিরেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের অভিবাসন ব্যুরোর কর্মকর্তারা বেনাপোল অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেন। তাঁদের ঢাকা আহছানিয়া মিশনের যশোরের আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোমে) রাখা হয়েছে।

ফেরত আসা নারীদের বয়স ১২ থেকে ৩০ বছর। তাঁদের বাড়ি যশোর, নড়াইল, গাজীপুর, সাতক্ষীরা, পিরোজপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, কক্সবাজার, মাদারীপুর, রংপুর, চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলায়।

বেনাপোলে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক, অভিবাসন পুলিশের বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান, মুম্বাইভিত্তিক মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশনের সুপারিনটেনডেন্ট লীনা জাভেদ, ভারতের অভিবাসন ব্যুরোর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ব্যাপারে ওসি মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গিয়ে ওই নারীরা ভারতের পুলিশের হাতে ধরা পড়েন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বেসরকারি মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশনের আশ্রয়ে পাঠানো হয়। ভারতের ওই সংস্থার কর্মকর্তারা বাংলাদেশের মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে দুই দেশের অনুমতির মধ্য দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।’

ওসি জানান, ফিরে আসা নারীদের পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনেরা এলেই তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্র ওই নারীদের বিভিন্ন সময়ে ভারতে নিয়ে যায়। যাঁদের নেওয়া হয়, তাঁদের বেশির ভাগই তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে নিয়ে পাচারকারীরা তাঁদের অসম্মানজনক পেশায় জড়িত হতে বাধ্য করে। পরে তাঁরা পুলিশের হাতে ধরে পড়লে রেসকিউ ফাউন্ডেশনের কর্মকর্তারা তাঁদের কারাগার থেকে উদ্ধার করে নিজেদের আশ্রয়ে নেন। তিনি জানান, আরও অন্তত ১৮০ জন নারী ভারতের তিনটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তাঁদেরও দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।