ভারতে কারাভোগের পর ছয় শিশু ফিরে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ পথে ভারতে যাওয়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ছয় শিশুকে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারত। গতকাল রোববার বেলা ১১টায় ভারত হিলি ইমিগ্রেশনের ওসি মো. নাজির হোসাইন বাংলাদেশের হিলি ইমিগ্রেশনের ওসি রফিকুজ্জামানের কাছে ওই ছয় শিশুকে হস্তান্তর করেন।
ওসি রফিকুজ্জামান ওই ছয় শিশুকে তাদের অভিভাবকের কাছে তুলে দেন। ফেরত আসা শিশুরা হলো দিনাজপুরের ঘোড়াঘাটের পাঁচপীর গ্রামের ধলু মিয়ার ছেলে নাইম (১০), পার্বতীপুরের রোস্তমনগর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল (১৩), গুলশান নগর এলাকার জিয়া উদ্দিনের ছেলে কালু মিয়া (১৫), মাদারীপুরের রাজৈরের মহেনদারোদী গ্রামের রেজাউল ব্যাপারীর ছেলে নান্নু (১৪), শরিয়তপুরের শখীপুরের চরপায়াতলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে হাসিবুল (১৬) ও ঠাকুরগাঁও সদরের গড়েয়া গ্রামের কমল মুরমু (১৪)।
ওসি রফিকুজ্জমান বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। পরে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শিশু শোধনাগার শুভায়ন হোমে তাদের রাখা হয়। পরে দুই দেশের আইনগত আনুষ্ঠানিকতা শেষে ভারত ওই ছয় শিশুকে বাংলাদেশে হস্তান্তর করে।