ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন তিন বাংলাদেশি
ভারতে কারাভোগ শেষে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তিন যুবককে হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁদের হস্তান্তর করা হয়।
বুড়িমারী অভিবাসন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ফিরে আসা বাংলাদেশিরা হলেন জেলার পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের ফজর উদ্দিনের ছেলে নূর হোসেন (২৮), একই উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামের আফছার আলীর ছেলে সাবু মিয়া (২৫) এবং একই গ্রামের আজর উদ্দিনের ছেলে মেরাজুল ইসলাম (২৬)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর এই তিন যুবক মুক্তি পান। সর্বনিম্ন দুই থেকে আড়াই বছর পর্যন্ত তাঁরা ভারতে কারাভোগ করেন।
ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময় আত্মীয়বাড়ি ও কাজের সন্ধানে ভারতে গেলে সীমান্তের ওপারে বিএসএফের আতে আটক হন তাঁরা।
বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় বিএসএফ তাঁদের আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছিল।
সেখানে বিভিন্ন মেয়াদে প্রত্যেকে কারাভোগ করেন। পরে ভারতীয় চ্যাংড়াবান্ধা অভিবাসন পুলিশের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।