ভারতে কারাভোগের পর ফিরে এল এক দিনমজুর পরিবার
ভারতে তিন বছর কারাভোগের পর লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন কুড়িগ্রামের এক দিনমজুর ও তাঁর পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তার উপস্থিতিতে ওই দিনমজুরকে হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন হয়। দিনমজুর ফজলুল হক প্রথম আলোকে জানান, দিনমজুরি করে ভালোভাবে সংসার চলছিল না। এক প্রতিবেশীর কাছে জানতে পারেন, ভারতের ইটভাটায় কাজ করলে জনপ্রতি দৈনিক মজুরি ৩০০ রুপি, যা বাংলাদেশের ৫০০ টাকার সমান। আর দেরি না করে স্ত্রী ও কন্যাকে নিয়ে ২০০৯ সালের শেষের দিকে তিনি ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফের হাতে আটক হন তিনি ও তাঁর পরিবার। সেখান থেকে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পুলিশ হয়ে আদালতের রায়ে তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরে আসেন। বুড়িমারী ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তানভীর জানান, দুপুর দুইটার দিকে বুড়িমারীর জিরো পয়েন্টে ফজলুল হক, তাঁর স্ত্রী শেফালী বিবি ও কন্যা শিল্পী খাতুনকে হন্তান্তর করা হয়। তাঁদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা গ্রামে।