ভারতে কারাভোগের পরও মুক্তি মিলছে না পাঁচ বাংলাদেশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের দায়ে তিন মাস কারাভোগের পরও মুক্তি মিলছে না বাংলাদেশি পাঁচ কিশোরের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফেরত দিতে চাইলেও দুই কিশোরের যোগাযোগের ঠিকানা ভুল থাকায় নিতে অস্বীকৃতি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরুপায় হয়ে অভিভাবকেরা তাঁদের সন্তানদের মুক্তির জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন।

পাঁচ কিশোর হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জগদল গ্রামের আবদুস সামাদের ছেলে আক্তারুজ্জামান (১৩), বরগুনা সদর উপজেলার চালিতাতলী গ্রামের মতি মিয়ার ছেলে সুজন মিয়া (১৪), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার থামিনারবাগ গ্রামের উসমান শেখের ছেলে আকাশ হোসেন (১৪), বাগেরহাটের মংলার শায়েমাঠ গ্রামের জাকির শেখের ছেলে মোস্তাকিম শেখ (১১) ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (১২)।

কিশোরদের পরিবার ও বিজিবি সূত্র জানায়, এই পাঁচ কিশোর রাজধানীর দক্ষিণখান এলাকায় পরিবারের সঙ্গে থাকত। গত ১১ ফেব্রুয়ারি বড় বোনের বিয়ে উপলক্ষে বাচ্চু তার চার বন্ধুসহ আয়নাপুর গ্রামের বাড়িতে আসে। ১২ ফেব্রুয়ারি তারা এক আদিবাসী প্রতারকের পাল্লায় পড়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তাদের কাছে থাকা মুঠোফোন ও টাকা নিয়ে ওই প্রতারক কৌশলে সটকে পড়ে। এরপর তারা এক দোকানদারের পরামর্শে বিএসএফ ক্যাম্পে যায়। বিএসএফ তাদের পুলিশে হস্তান্তর করে। কিশোরদের ঠাঁই হয় মেঘালয় রাজ্যের তুরা জেলার শিশু কারাগারে (অবজারভেশন হোমস)। সেখানে কারাভোগের পর ২ জুন বিএসএফ ও পুলিশ তাদের ফেরত দিতে নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্তের শূন্য রেখায় নিয়ে আসে। সে সময় বিজিবি, পুলিশ ও কিশোরদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। কিন্তু কিশোরদের মধ্যে আক্তারুজ্জামান ও আকাশের গ্রামের বাড়ির ঠিকানা ভুল থাকায় বিজিবি তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। পরে স্বজনেরা তাদের সঠিক ঠিকানা জানালেও কোনো কাজ হয়নি।

২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবেদ সুলতান বলেন, ‘ভারতে আটক পাঁচ বাংলাদেশি কিশোরের ঠিকানা যাচাই করছে পুলিশ। প্রতিবেদন পেলেই কিশোরদের ফেরত দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হবে। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।’