ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক সোহেল আহমেদের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল রোববার বিকেল পাঁচটায় ভোমরা সীমান্তের শূন্য রেখার কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাঁর লাশ হস্তান্তর করা হয়।
কথিত গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক সোহেল আহমেদ গাজী (৩০) সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ি গ্রামের আবু সালেক গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তানজির হাসান জানান, পুলিশ ও বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের কাছে ভারতের বসিরহাট থানার সহকারী উপপরিদর্শক অলোক মাঝির নেতৃত্বে পুলিশ ও বিএসএফের একটি প্রতিনিধিদল সোহেলের মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল ওষুধ কেনার জন্য অবৈধ পথে লক্ষ্মীদাড়ি সীমান্ত পেরিয়ে ভারতের ঘোজাডাঙ্গায় যান। কিন্তু রাতে তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে নিহত সোহেল আহমেদের চাচা শহিদুল ইসলাম জানতে পারেন ভারতের ঘোজাডাঙ্গা সেতুর কাছে আমতলা এলাকায় রাতে একটি বাড়িতে চুরির অভিযোগে স্থানীয় জনতা সোহেলকে আটক করে পিটিয়ে হত্যা করে।