ভারতে গুলিসহ একুশে টিভির চেয়ারম্যান গ্রেপ্তার
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে সাতটি গুলিসহ ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।তবে পিটিআই পরিবেশিত খবরে আটক ব্যক্তির নাম ও পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁর পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশের একটি টিভি চ্যানেলের নির্বাহী কর্মকর্তা হিসেবে।খবরে বলা হয়েছে, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় তাঁর কোটের পকেটে সাতটি গুলি পাওয়া গেছে। পরে তাঁকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সকালে আবদুস সালামের বাংলাদেশে ফিরে আসার কথা ছিল।এ বিষয়ে একুশে টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক অঞ্জন রায় প্রথম আলোকে বলেন, ‘তিনি অফিসের কাজে ভারতের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক জি-গ্রুপের সঙ্গে আলোচনার জন্য ভারতে গিয়েছিলেন। নিজের লাইসেন্স করা অস্ত্রটি তিনি রেখে গেলেও ভুলে ব্যাগে এর গুলি নিয়ে যান।’ অঞ্জন জানান, একুশে টেলিভিশনের পক্ষ থেকে এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।