ভারতে গেল গোয়েন্দা প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য সংগ্রহ ও জঙ্গি তৎপরতা দমনে মতবিনিময় করতে সাত সদস্যের একটি গোয়েন্দা প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের কলকাতায় গেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি-ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, জেএমবিসহ (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) অন্য জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা দমন, সেখানে পালিয়ে থাকা জঙ্গিদের গ্রেপ্তারের বিষয়ে আলোচনাসহ জঙ্গি তৎপরতা দমন নিয়ে তাঁরা কলকাতায় মতবিনিময় করবেন। এ ছাড়া অন্যান্য বিষয়েও আলোচনা হবে। দেশে সাজাপ্রাপ্ত জেএমবির কয়েকজন জঙ্গি ভারতে আত্মগোপনে আছেন। সফরকালে তাঁদের অবস্থান সম্পর্কেও খোঁজ নেওয়া হবে। ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা তদন্ত করা ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) একটি দল ১৭ নভেম্বর বাংলাদেশে এসেছিল। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে। এবার ভারত গেল বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধিদল।
ভারতে সফরে যাওয়া সাত সদস্যের দলে আরও আছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপমহাপরিদর্শক জি এম আজিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক আবু হেনা মোহাম্মদ মোস্তফা, র্যা বের লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মাহফুজুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর মো. আতিকুর রহমান।