ভারতে গ্রেপ্তার জেএমবি সদস্যকে ফেরত চায় ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় সে দেশে গ্রেপ্তার সন্দেহভাজন জেএমবি সদস্য নুরুল হক মণ্ডল ওরফে নাইমকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গত বছর কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
ভারত সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে নাইমকে দেশে ফেরত পাঠানোর এ অনুরোধ জানান।
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন। তাঁরা হলেন শাকিল গাজী ও করিম শেখ। এনআইএর দাবি, তাঁরাও জেএমবির সদস্য ছিলেন।
ওই বিস্ফোরণের ঘটনায় এনআইএর দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটানোর বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম নেপথ্য ব্যক্তি এই নাইম।
খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ষড়যন্ত্রের প্রেক্ষাপটে নাইমকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুরোধ বিবেচনা করে দেখতে সম্মত হয়েছেন রাজনাথ সিং।
খবরে বলা হয়, এনআইএর জিজ্ঞাসাবাদে নাইম বলেছিলেন, তিনি বাংলাদেশে গিয়ে যাত্রাবাড়ী ও মিরপুরে প্রায় দেড় বছর থাকেন। সেখানে বশির ওরফে তালহা ও আনিস ওরফে কাউসারের কাছে বোমা তৈরির ওপর প্রশিক্ষণ নেন। বশির জেএমবির জ্যেষ্ঠ সদস্য সাইদুর রহমানের ছেলে।
আসাদুজ্জামান খানের সফরে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যকার আলোচনায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঢাকার পাশে থাকবে তারা। এ ছাড়া এক দেশের মধ্যে লুকিয়ে থাকা অন্য দেশের সন্ত্রাসী ও অপরাধীদের স্বতঃপ্রণোদিত হয়ে বিনিময়ে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সংশোধনীও চূড়ান্ত করেন দুই পক্ষের প্রতিনিধিরা।