ভারতে গ্রেপ্তার ফারুক ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের 'হোতা': স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া জেএমবির আনোয়ার হোসেন ওরফে ফারুক দুই বছর আগে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার ‘হোতা’ জামাই ফারুক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, সে-ই (জামাই ফারুক) ধরা পড়েছে। তবে ভারত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি। সে জন্য আরও অপেক্ষা করতে হবে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে।’ তিনি বলেন, ভারতে দুই দিন আগে গ্রেপ্তার হওয়া ছয় জঙ্গির মধ্যে আর কেউ বাংলাদেশি থেকে থাকলে আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের ফিরিয়ে আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘সেই ফারুক যদি হয়ে থাকে, তাহলে আপনাদের নিশ্চয় মনে আছে, ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে কনস্টেবলকে হত্যা করে পালিয়ে গিয়েছিল জঙ্গিরা। সে ঘটনার হোতা ফারুক। তার নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে।’
কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএস) গত শনি ও রোববার পশ্চিমবঙ্গ ও আসাম থেকে ছয়জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে চারজন ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামি।
কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার হওয়া সবাই বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। এদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক। তাঁরা হলেন আনোয়ার হোসেন ওরফে ফারুক ওরফে ইনাম, জাহিদুল শেখ ওরফে জাফর ও মোহাম্মদ রফিক। তবে তাঁদের বাংলাদেশের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা জানায়নি কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিশালের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির শীর্ষস্থানীয় তিনি জঙ্গি সালাউদ্দিন ওরফে সালেহীন, রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে ছিনিয়ে নেওয়া হয়। অবশ্য ওই দিন রাতে পালানোর পথে মির্জাপুরে ধরা পড়েন রাকিবুল হাসান। পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। বাকি দুজনকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ পুলিশ।
এ ঘটনার সাত মাস পর ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় জেএমবির নাম আসে। ওই ঘটনার তদন্তকারী সংস্থা ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধিদল গত বছর বাংলাদেশে আসে। সে সময় তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্দেহভাজনদের নামের একটি তালিকা দেয়, তাতে সালাহউদ্দিন, বোমা মিজান ও জামাই ফারুকের নামও ছিল বলে বাংলাদেশ পুলিশের একটি সূত্র জানায়।