ভারতে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অ্যান্টি টেররিজম স্কোয়াড মুজাফফরনগর থেকে গ্রেপ্তার আবদুল্লাহকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মুজাফফরনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল তিওয়ারী আবদুল্লাহর রিমান্ড মঞ্জুর করেন। আবদুল্লাহকে এটিএস লক্ষ্ণৌতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) বলছে, আবদুল্লাহ বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

এদিকে ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) এক অনুষ্ঠানে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেন, মুজাফফরনগরে গ্রেপ্তার আবদুল্লাহর বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। তিনি আট বছর আগে ভারতে যান এবং সেখানকার একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখানেই তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলে মনে করছেন মনিরুল।

লক্ষ্ণৌয়ের দৈনিক দ্য পাইওনিয়ার গতকাল ‘বাংলাদেশ টেররিস্ট টু বি প্রোডিউসড ইন লক্ষ্ণৌ কোর্ট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে এটিএসের মহাপরিদর্শক অসীম অরুণকে উদ্ধৃত করে বলা হয়, আবদুল্লাহর কাছে সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। এগুলো উর্দু ও বাংলায় লেখা। তা ছাড়া, তাঁর কাছ থেকে আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের ভারতীয় প্রধান আসিম উমারের লেখা তিসরি জং নামের একটি বই ও বোমা তৈরির পদ্ধতি-সংক্রান্ত বই পাওয়া গেছে।