ভারতে জমি চেয়ে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা ভারতে জমি বরাদ্দ চেয়ে সেদেশে বিনিয়োগের যে তাৎক্ষণিক প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটি তাঁরা আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণকে তাঁর কার্যালয়ে গিয়ে আজ রোববার সন্ধ্যায় প্রস্তাবটি দেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
বিজিএমইএ সভাপতি সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রস্তাব জমার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ভারতীয় হাইকমিশনারের হাতে প্রস্তাবটি দিয়েছি। এ সময় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাব পেয়ে তাঁরা বলেছেন, ভারতের যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটি উনারা পৌঁছে দেবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৬ ও ৭ জুলাই দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরের দ্বিতীয় দিন ৭ জুন কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে সোনারগাঁও হোটেলে বৈঠকের সময় আতিকুল ইসলাম মোদির কাছে তাঁর দেশে ৫০ একর জমি বরাদ্দ চান।
আনুষ্ঠানিক প্রস্তাবে ভারতে বাংলাদেশি পোশাক পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনের জন্য সে দেশের সরকারের কাছে এক খণ্ড জমি বরাদ্দ চেয়েছে বিজিএমইএ। পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র করার জন্য বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যদের নিয়ে একটি কোম্পানি গঠন করা হবে। এ ছাড়া তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া দেড় পৃষ্ঠার প্রস্তাবে পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্রের জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ভারতের বিভিন্ন শহরে ১ হাজার বিক্রয়কেন্দ্র (রিটেইল শপ) করার পরিকল্পনাও প্রস্তাবে আছে। এসব হলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১০০ কোটি ডলার বৃদ্ধি পাবে বলে মনে করছে বিজিএমইএ।
আনুষ্ঠানিকভাবে দেওয়া এই প্রস্তাবে স্বাক্ষর করেন আতিকুল ইসলাম। এতে তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতেই বিজিএমইএ বিনিয়োগের এই প্রস্তাবটি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিবাচক সাড়া দেন। আশা করছি, বাংলাদেশ সরকার দ্রুতই এই বিনিয়োগ প্রস্তাবের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেবে।
ভারতীয় হাইকমিশনের পাশাপাশি প্রস্তাবটি একইসঙ্গে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠানো হবে। প্রস্তাবে এমনটি উল্লেখ থাকলেও আজ সেটি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিজিএমইএর সভাপতি বলেন, কাল সোমবার দেওয়া হবে।
ভারতীয় হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার সময় বিজিএমইএর সভাপতি সঙ্গে এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান ও বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি উপস্থিত ছিলেন।
প্রস্তাব জমা দিয়ে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আতিকুল ইসলাম বলেন, ‘প্রস্তাবে উল্লেখ না থাকলেও আমরা মধ্য ভারতে জমি চাইব।’ তিনি বলেন, বরাদ্দ পেলে তিন মাসের মধ্যে পণ্যের গুদাম ও বিপণনকেন্দ্র নির্মাণ করা সম্ভব।