ভারতে জাতিগত নিপীড়ন চলছে দাবি করে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে হেফাজত
ভারতে গো-রক্ষার রাজনীতির নামে জাতিগত নিপীড়ন চলছে দাবি করে এ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে হেফাজতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী এই দাবি জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশে জাতিগত মুসলিম নিধন বন্ধে ভারত সরকারকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে সরকার যেন তাগিদ দেয়।
হেফাজতের মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে যদি শুধুই রাজনৈতিক ক্ষমতাকে পোক্ত করার কাজে ক্ষমতালিপ্সু রাজনীতিবিদেরা ধর্মের ব্যবহার শুরু করেন, তাতে ধর্মের মর্যাদা বাড়ে না, বরং ক্ষতি হয় ধর্মের। সেই সঙ্গে ক্ষতি হয় সেই সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের। তিনি বলেন, গো-হত্যার জন্য সহিংসতায় শুধু উন্মত্ত জনতাই জড়িত নয়, এর পেছনে রাষ্ট্রীয় সমর্থনও রয়েছে।
হেফাজতের বিবৃতিতে বলা হয়, নরহত্যা কোনো ধর্মই অনুমোদন করে না। সেই কথা ভুলে গিয়ে হিন্দুত্ববাদীরা গরু হত্যার বদলা হিসেবে নিরীহ মানুষ হত্যা করছে। তাহলে ধর্ম কোথায় থাকে? যেখানে ধর্ম মানুষকে সুউচ্চ আসনে বসায়, সেখানে ধর্ম রক্ষার নামে মানুষের অপমান, অমর্যাদা এবং প্রাণহানি আর যা-ই হোক ধর্ম হতে পারে না।