ভারতে তিন বাংলাদেশির কারাদণ্ড
ভারতে অবৈধ অবস্থান ও দক্ষিণ দিল্লির একটি খামারে ডাকাতির পরিকল্পনার অপরাধে তিন বাংলাদেশিকে গতকাল শুক্রবার সাত বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন নয়াদিল্লির একটি আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, মোহাম্মদ ডালিম ও মোহাম্মদ জাফর। খবর পিটিআই অনলাইনের।
কারাদণ্ডের পাশাপাশি আদালত তাঁদের প্রত্যেককে ৩০০ রুপি করে জরিমানা করেন। হতদরিদ্র বিচারে তাঁদের এই কম অর্থ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত তিনজনই সাত বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী ছিলেন। তাই অন্য কোনো মামলার আসামি না হলে তাঁদের আর কারাগারে বন্দী থাকতে হবে না।
অতিরিক্ত দায়রা জজ রাজীব বনসাল রায় ঘোষণার সময় বলেন, ছয়জন অভিযুক্ত ছিলেন। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের প্রত্যেককে অস্ত্রসহ গরেপ্তার করা হয়েছিল। এই ছয়জনই বাংলাদেশের নাগরিক। কিন্তু কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তাঁরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।